সাইফুল ইসলাম, কলাপাড়া(পটুয়াখালী):
অক্ষয় পুণ্যলাভের আশায় পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্র সৈকতে সমুদ্রস্নানে অংশ নিয়েছেন হাজারো সনাতন ধর্মাবলম্বী। হিন্দু পঞ্জিকার বৈশাখ মাসের শুক্লা তৃতীয়া তিথি উপলক্ষে সোমবার (২০ এপ্রিল) ভোর থেকেই সৈকত এলাকায় ভক্তদের উপস্থিতিতে সৃষ্টি হয় উৎসবমুখর পরিবেশ।
আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের আয়োজনে অক্ষয় তৃতীয়া ব্রত ও সনাতন ধর্ম সম্মেলনের অংশ হিসেবে ভোর ৫টা থেকে শুরু হয় বিভিন্ন ধর্মীয় কর্মসূচি।
সকাল ১০টায় আহ্বানী, সমবেত প্রার্থনা, মঙ্গলঘাট স্থাপন, শ্রী শ্রী বিষ্ণু পূজা ও গঙ্গা মায়ের পূজা শেষে সাগরকন্যা কুয়াকাটা সৈকতে গঙ্গাস্নান অনুষ্সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, অক্ষয় তৃতীয়া হিন্দু ও জৈন ধর্মের একটি বিশেষ তাৎপর্যপূর্ণ দিন।
এদিন ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম হয়, যা পরশুরাম জয়ন্তী হিসেবেও পালিত হয়।
এছাড়া এই দিনেই বেদব্যাস ও গণেশ মহাভারত রচনা শুরু করেন বলে প্রচলিত রয়েছে। অনেকের বিশ্বাস, এদিন গঙ্গাস্নান করলে অক্ষয় পুণ্য লাভ হয়।
অনুষ্ঠানে ইঞ্জিনিয়ার নিহার রঞ্জনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক হরিভাবনামৃত সংঘ ও আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী জয়দেব ঠাকুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হরপ্রিয়া দেবী ও পরমপূজ্যপাদ ঋত্বিক মহারাজ ডা. রাধাস্বামী। এছাড়াও উপস্থিত ছিলেন সংঘের সভাপতি ও বাগেরহাট জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পরিতোষ রায়, ঝালকাঠির নলছিটি উপজেলার সাবেক চেয়ারম্যান ছিদ্দিকুর রহমানসহ বিভিন্ন অঞ্চলের ভক্তবৃন্দ।
অনুষ্ঠানে ভাগবত আলোচনা করেন ভক্ত গৌর গোবিন্দ দাস, ভক্ত শ্রী শ্যামল সুন্দর দাস ও ভক্ত শ্রী গোবিন্দ দেবনাথ।
পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন রতন জ্যোতি দাস ব্রহ্মচারী।
প্রতিবছরের মতো এবারও দেশের বিভিন্ন স্থান থেকে আগত ভক্তদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে কুয়াকাটা সমুদ্র সৈকত। স্নান শেষে অনেক ভক্তকে পরিবারসহ গীতা পাঠ ও প্রার্থনায় মগ্ন থাকতে দেখা যায়। পিরোজপুর থেকে আগত গৌর গোবিন্দ দাস ব্রহ্মচারী বলেন, এই দিনে গঙ্গাস্নান করলে অক্ষয় পুণ্য লাভ করা যায়। এই তিথিতে স্বয়ং নারায়ণের বাস থাকে গঙ্গায়। তাই এদিন স্নান করলে জীবনের দুঃখ-কষ্ট ও রোগব্যাধি দূর হয়ে জীবন সুখ-সমৃদ্ধিতে ভরে ওঠে।
কুয়াকাটা শ্রীশ্রী রাধাকৃষ্ণ তীর্থযাত্রী সেবাশ্রমের সাধারণ সম্পাদক শ্রী নিহার রঞ্জন বলেন, প্রতিবছরের মতো এবারও যথাযথ মর্যাদায় অক্ষয় তৃতীয়ার অনুষ্ঠান পালন করা হয়েছে। প্রশাসনের সার্বিক সহযোগিতায় আগত ভক্তদের জন্য প্রয়োজনীয় সব ধরনের সুবিধা নিশ্চিত করা হয়েছে।