মোঃআতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর পূবাইল এলাকায় অভিযান চালিয়ে একটি ট্রাক থেকে ৮ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় ট্রাকের চালক ও হেলপারকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ জানায়, শনিবার (১৪ মার্চ) রাত প্রায় ১১টা ৪৫ মিনিটে পূবাইল থানার একটি টহল দল মীরের বাজার চৌরাস্তায় চেকপোস্ট বসিয়ে যানবাহন তল্লাশি চালায়। এ সময় ঢাকা মেট্রো-ট-১৮-২৫৩৭ নম্বরের একটি ট্রাক থামিয়ে তল্লাশি করলে ট্রাকের ভেতর থেকে ৭৫০ মিলিলিটার করে মোট ৮ বোতল ভারতীয় হুইস্কি উদ্ধার করা হয়।
এ সময় ট্রাকে থাকা মো. সাগর মিয়া (৩১) ও মো. সাইদুর রহমান সাহেদ (২৫) নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। সাগরের বাড়ি নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলায়। তিনি বর্তমানে গাজীপুর মহানগরীর পূবাইল এলাকার ভাদুন ধরপাড়ায় বসবাস করেন। অপরদিকে সাইদুর রহমান সাহেদের বাড়ি সিলেট জেলার জৈন্তিয়াপুর উপজেলায়।
পুলিশ জানায়, গ্রেপ্তার দুজনকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে আদালতে পাঠানো হয়েছে। উদ্ধার করা ট্রাক ও হুইস্কি জব্দ করা হয়েছে।