মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে এক চিহ্নিত গ্যাং নেতার বাড়ি থেকে অস্ত্র, গুলি ও মাদক উদ্ধার করা হয়েছে। তবে অভিযানের সময় অভিযুক্তকে আটক করা সম্ভব হয়নি।
সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মাওয়া আর্মি ক্যাম্পের নেতৃত্বে নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে শ্রীনগর উপজেলার বাঘড়া ইউনিয়নে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী উপজেলার চিহ্নিত অস্ত্র ব্যবসায়ী ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি বিকাশের বাড়িতে তল্লাশি চালায়। তল্লাশিকালে একটি দেশীয় শুটার গান, চার রাউন্ড শুটারগানের গুলি, ২২ পিস ইয়াবা ও ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
সেনাবাহিনী সূত্র জানায়, বিকাশ শ্রীনগর এলাকার একটি চিহ্নিত গ্যাংয়ের নেতৃত্ব দেন। তার বিরুদ্ধে একাধিক মামলা ও গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তবে অভিযানের সময় তিনি বাড়িতে উপস্থিত ছিলেন না।
উদ্ধার করা অস্ত্র ও মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শ্রীনগর থানায় হস্তান্তর করা হয়েছে।
জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, নাশকতা ও মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী। একই সঙ্গে যেকোনো সন্দেহজনক তথ্য নিকটস্থ সেনা ক্যাম্পে জানাতে সাধারণ জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে।