বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আনুষ্ঠানিকভাবে দলটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। শুক্রবার (৯ জানুয়ারি) রাতে বিএনপির গঠনতন্ত্র অনুযায়ী তিনি এই দায়িত্ব নেন বলে দলীয় সূত্র নিশ্চিত করেছে।
এদিন রাতে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া-এর মৃত্যুর ফলে দলের চেয়ারম্যান পদ শূন্য হয়ে পড়ে। এই পরিস্থিতিতে বিএনপির গঠনতন্ত্র অনুসারে জাতীয় স্থায়ী কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী তারেক রহমান বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
এর আগে রাত সাড়ে ৯টার পর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। বৈঠকে সভাপতিত্ব করেন তারেক রহমান নিজেই। দলীয় গঠনতন্ত্রের ৭-এর ‘গ’ ধারার (৩) উপধারা অনুযায়ী, চেয়ারম্যানের পদ শূন্য হলে সিনিয়র ভাইস চেয়ারম্যান স্বয়ংক্রিয়ভাবে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন।
উল্লেখ্য, ২০১৮ সালে খালেদা জিয়া কারাবন্দি হলে তারেক রহমানকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করা হয়। গত ৩০ ডিসেম্বর খালেদা জিয়ার ইন্তেকালের পর চেয়ারম্যানের পদটি আনুষ্ঠানিকভাবে শূন্য হয়।
সতেরো বছরের বেশি সময় যুক্তরাজ্যে রাজনৈতিক আশ্রয়ে থাকার পর গত ২৫ ডিসেম্বর দেশে ফেরেন তারেক রহমান। তার প্রত্যাবর্তন বিএনপির ভেতরে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিএনপি আগেই ঘোষণা দিয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের নেতৃত্ব দেবেন তারেক রহমান।