ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলির ঘটনায় সীমান্ত দিয়ে সন্দেহভাজনদের পারাপারে সহায়তাকারী ফিলিপ স্নালের দুই সহযোগীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যায় শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত এলাকা থেকে তাদের আটক করা হয়।
বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটক ব্যক্তিরা হলেন—ফিলিপের মামাশ্বশুর বেঞ্জামিন চিরান (৪৫) এবং তার ঘনিষ্ঠ বন্ধু সীশল (২৮)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্ত পারাপার সংক্রান্ত বিভিন্ন তথ্য দিয়েছেন বলে জানায় বিজিবি।
তিনি বলেন, ওসমান হাদির ওপর গুলিবর্ষণের ঘটনার পর সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়। এরই অংশ হিসেবে নালিতাবাড়ী সীমান্তের সম্ভাব্য পারাপার রুটগুলোতে নজরদারি বাড়ানো হয় এবং সন্দেহভাজনদের শনাক্তে অভিযান চালানো হয়।
এর আগে সোমবার ময়মনসিংহের ৩৯ বিজিবি সেক্টর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে সেক্টর কমান্ডার কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান জানান, হামলার ঘটনার পর বিজিবি সদর দপ্তরের নির্দেশে রাতেই সীমান্তের সম্ভাব্য রুটগুলো চিহ্নিত করে টহল ও চেকপোস্ট বসানো হয়।
তিনি বলেন, শনিবার পুলিশ ও বিজিবির যৌথ অভিযানে নালিতাবাড়ীতে ফিলিপ নামের এক ব্যক্তিকে আটকের পরিকল্পনা করা হয়। ধারণা করা হচ্ছে, অভিযুক্তরা যদি এই সীমান্ত ব্যবহার করে ভারতে পালিয়ে থাকে, তাহলে ফিলিপ এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারবেন। তবে অভিযানকালে ফিলিপকে পাওয়া যায়নি।
ফিলিপকে না পেয়ে তার স্ত্রী ডেলটা চিরান, শ্বশুর ইয়ারসন রংডি এবং মানবপাচারে জড়িত সন্দেহে লুইস লেংমিঞ্জাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য বারোমারী বিওপিতে নেওয়া হয়। এছাড়া সোমবার ভোরে ফিলিপের আত্মীয় বেঞ্জামিন রিচান (৩০)কেও সন্দেহভাজন হিসেবে আটক করা হয়েছে।
বিজিবি জানায়, ফিলিপের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া এলাকায়। মানবপাচার চক্রের সঙ্গে তার সংশ্লিষ্টতার তথ্য পাওয়ায় তাকে খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।
এদিকে হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানের স্ত্রী শাহেদা পারভীন সামিয়া, শ্যালক ওয়াহিদ আহমেদ শিপু ও শ্যালিকা মারিয়া আক্তারকে রোববার গ্রেপ্তার করেছে র্যাব। একই ঘটনায় ডিএমপি ও র্যাব পৃথক অভিযানে আরও কয়েকজন সন্দেহভাজনকে আটক করেছে এবং হামলায় ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, পুরো নেটওয়ার্ক চিহ্নিত করে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।