মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের মিছিলকে কেন্দ্র করে সন্ত্রাসবিরোধী আইনে ৯৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার পর টানা অভিযানে নেমে বিভিন্ন এলাকা থেকে অন্তত ১০ জনকে আটক করেছে পুলিশ।
বুধবার সকাল ৯টার দিকে সিরাজদিখান থানার উপপরিদর্শক (এসআই) নাহিদ মাসুদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এতে স্থানীয় যুবলীগ–ছাত্রলীগের ৪৫ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয় এবং আরও ৪০–৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
থানা সূত্রে জানা যায়, মামলা দায়েরের পর মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল পর্যন্ত একাধিক এলাকায় পুলিশ তল্লাশি অভিযান পরিচালনা করে। সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, নিষিদ্ধ মিছিলে অংশ নেওয়ার অভিযোগে অন্তত ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
আটক ব্যক্তিরা হলেন—মো. মন্টু ভূইয়া (৩০), মো. নাইম শেখ উজ্জল (২২), মো. হায়দার শেখ (২২), রহিম শেখ (২৪), মো. মকবুল হোসেন (৫৪), ইউসুফ শেখ (৪৯), বাচ্চু সরকার (৪৮), আলমগীর হোসেন (৫০), মো. হালিম বেপারী (৩৮) ও মো. সজিব মোল্লা (৩৬)।
স্থানীয়দের দাবি, শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত শাটডাউনের সমর্থনে গত মঙ্গলবার (১৮ নভেম্বর) সকাল ৯টার দিকে বাসাইল ইউনিয়নের ইমামগঞ্জ বাজারে যুবলীগ ও ছাত্রলীগ মিছিল বের করে। অভিযোগ রয়েছে, পুলিশের টহল দলের উপস্থিতিতেই মিছিলটি অনুষ্ঠিত হয়।
পরে ঘটনার প্রেক্ষিতে টহল টিমে থাকা উপপরিদর্শক কামরুজ্জামান সিকদার এবং কনস্টেবল বাদশা মিয়া ও সফিকুল ইসলামকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় নজরদারি ও তল্লাশি অভিযান অব্যাহত থাকবে।