বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক হবে সমতার ভিত্তিতে, আর সবার আগে ভারতের দাদাগিরি বন্ধ করতে হবে। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জে এক বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি অভিযোগ করে বলেন, বিএনপির ভেতরে বিভেদ সৃষ্টি করার জন্য একটি দল পরিকল্পিতভাবে সক্রিয় রয়েছে, এবং এর মাধ্যমে তারা রাজনৈতিক ফায়দা তুলতে চায়। বিএনপি এসব অপচেষ্টা মোকাবিলা করে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
মির্জা ফখরুল বলেন, বিএনপি ক্ষমতায় এলে তিস্তা ও ফারাক্কা চুক্তির অনিষ্পন্ন ইস্যুগুলোকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হবে। জনগণের অধিকার রক্ষা এবং জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিয়েই পররাষ্ট্রনীতি পরিচালিত হবে বলেও তিনি উল্লেখ করেন।