আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য বিএনপি ২৩৭টি আসনে একক প্রার্থী ঘোষণা করেছে। সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই তালিকা প্রকাশ করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তবে ঘোষিত এই প্রাথমিক তালিকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানার নাম নেই। ব্রাহ্মণবাড়িয়া জেলার ছয়টি আসনের মধ্যে চারটিতে প্রার্থী ঘোষণা করলেও ব্রাহ্মণবাড়িয়া-২ ও ব্রাহ্মণবাড়িয়া-৬ আসন আপাতত খালি রাখা হয়েছে।
দলীয় সূত্র জানায়, ঐ দুই আসনে এখনো জোটভুক্ত দলের সঙ্গে সমন্বয় ও অভ্যন্তরীণ আলোচনা চলছে। ফলে ঐসব আসনে প্রার্থী ঘোষণা স্থগিত রাখা হয়েছে। বিএনপির মনোনয়ন বোর্ডের পরবর্তী বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
ব্যারিস্টার রুমিন ফারহানা ২০১৯ সালে নারী আসনের সংসদ সদস্য হিসেবে সংসদে প্রবেশ করেন এবং পরবর্তীতে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক ইস্যুতে সোচ্চার ভূমিকার কারণে আলোচনায় আসেন। তিনি বিএনপির অন্যতম তরুণ নেতৃত্ব হিসেবে পরিচিত।
দলীয় নেতারা জানিয়েছেন, রুমিন ফারহানার নাম প্রাথমিক তালিকায় না থাকলেও দ্বিতীয় দফার ঘোষণায় তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনা রয়েছে। বর্তমানে তিনি দলের নির্বাচনী প্রচারণা কৌশল এবং আন্তর্জাতিক যোগাযোগ কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই প্রার্থী তালিকা দলীয় ভারসাম্য, অভ্যন্তরীণ প্রতিযোগিতা এবং জোট রাজনীতির সমন্বয়ের প্রতিফলন। নির্বাচনের তফসিল ঘোষণার আগেই বিএনপি বাকি ৬৩টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করবে বলে দলীয় সূত্র জানিয়েছে।