জিয়াউর রহমান, পিরোজপুর
পিরোজপুরের ইন্দুরকানীতে সুপারি পাড়া নিয়ে পারিবারিক বিরোধের জেরে ভাতিজার দায়ের কোপে ধীরেন্দ্র নাথ বৌদ্ধ (৫০) নামের এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন।
শনিবার (১১ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালাইয়া গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, ধীরেন্দ্র নাথ বৌদ্ধ নিজের বাগানের সীমানার ভেতরে সুপারি পাড়ছিলেন। এ সময় একই এলাকার হরোলাল বৌদ্ধের ছেলে ও তার ভাতিজা সোহাগ বৌদ্ধ ওই গাছ নিজের দাবি করে তাকে পাড়তে নিষেধ করেন।
একপর্যায়ে কথা-কাটাকাটির জেরে উত্তেজিত হয়ে সোহাগ হাতে থাকা দা দিয়ে চাচাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ধীরেন্দ্র নাথকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।
আহত ধীরেন্দ্র নাথ বৌদ্ধ বলেন, “আমি আমার জমির ভেতরে সুপারি পাড়ছিলাম। হঠাৎ ভাতিজা এসে গাছ নিজের দাবি করে বাধা দেয় এবং একপর্যায়ে দা দিয়ে কোপায়।”
অভিযুক্ত সোহাগ বৌদ্ধকে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেও কোনো কথা না বলে কেটে দেন।
ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন বলেন, “ঘটনাটি আমাদের জানা আছে। লিখিত অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”