আবু তাহের, ক্যাম্পাস সংবাদদাতা, জাককানইবি
বিশ্ববিদ্যালয়ে ফেরার পথে বজ্রপাতে প্রাণ হারানো জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের শিক্ষার্থী রাসেদুল ইসলামের (রাশেদ) নামে স্থায়ীভাবে সভাপতি পদ উৎসর্গ করেছে ‘কুমিল্লা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’।
গত রবিবার (৫ অক্টোবর) দুপুরে কুমিল্লার হোমনা উপজেলার ঘাঘুটিয়া ইউনিয়নের ভবানীপুর গ্রামে বজ্রপাতের ঘটনায় প্রাণ হারান রাশেদ। তিনি বিশ্ববিদ্যালয়ে কুমিল্লা জেলা থেকে আগত শিক্ষার্থীদের সংগঠন ‘কুমিল্লা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’-এর বর্তমান সভাপতি ছিলেন।
সংগঠনের প্রতি রাশেদের অসীম ভালোবাসা, দায়িত্ববোধ ও আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ তাঁকে ‘চিরঞ্জীব সভাপতি’ ঘোষণা করেছে সংগঠনটি। মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভবিষ্যতে সংগঠনে আর কোনো সভাপতি পদে কাউকে নিযুক্ত করা হবে না। এই পদ স্থায়ীভাবে রাসেদের নামে উৎসর্গ করা হলো।
সংগঠনের সাধারণ সম্পাদক আসিফ হাসান প্লাবন বলেন, “সংগঠনের প্রতি তাঁর ভালোবাসা, নিষ্ঠা ও নেতৃত্বগুণ আমাদের অনুপ্রাণিত করেছে। তাঁর নেতৃত্বে কুমিল্লা অ্যাসোসিয়েশন যেমন ঐক্যবদ্ধ হয়েছিল, তেমনি কার্যক্রমেও নতুন মাত্রা পেয়েছিল। তাঁর অকালপ্রয়াণে আমরা সবাই শোকাহত। তাই সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেওয়া হয়েছে—এই সংগঠনে আর কোনো সভাপতি থাকবে না; এই পদ চিরদিনের জন্য রাশেদের স্মৃতিতে অর্পিত থাকবে।”
এর আগে মঙ্গলবার (৭ অক্টোবর) বাদ যোহর ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে রাসেদের আত্মার মাগফেরাত ও শান্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রসঙ্গত, বিশ্ববিদ্যালয়ে ফেরার উদ্দেশ্যে কুমিল্লার উজানচর-ঘাঘুটিয়া খেয়া পারাপারের সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই প্রাণ হারান রাসেদ। এসময় নৌকায় থাকা আরও দুই নারীও নিহত হন। নিহত রাসেদের গ্রামের বাড়ি কুমিল্লার দুলালপুর ইউনিয়নের পাথালিয়াকান্দি গ্রামে।