জাতীয় সরকার গঠন নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের সাম্প্রতিক দাবিকে ‘সত্য নয়’ বলে প্রত্যাখ্যান করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নাহিদ ইসলাম বৃহস্পতিবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে দাবি করেন, গত বছরের ৫ আগস্টের রাতে তারা অন্তর্বর্তী জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেন।
কিন্তু তারেক রহমান তা নাকচ করে দেন এবং নাগরিক সমাজের সদস্যদের দিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দেন।
ফেসবুক পোস্টে তিনি আরও জানান, ৭ আগস্ট ভোরে মির্জা ফখরুলের বাসায় গিয়ে তারা উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা করেন।
এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘নাহিদ ইসলাম যে দাবি করেছেন, সেটা ঠিক নয়। বললেই তো হবে না।
জাতীয় সরকারের ব্যাপারে আমাদের দল থেকে কোনো কথা বলা হয়নি। তারেক রহমান সাহেবের সঙ্গে তাদের কথা হয়েছে কি না, সেটা আমরা জানি না।’
এর আগে মির্জা ফখরুল বলেন, ‘জাতীয় সরকার তৈরি করার প্রস্তাবটা ছাত্রদের কাছ থেকে আসেনি, অন্য মহল থেকে আসতে পারে। কিন্তু ছাত্রদের কাছ থেকে এই প্রস্তাব আসেনি।’
নাহিদ ইসলামের পোস্ট এবং বিএনপি মহাসচিবের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা ও বিতর্ক তৈরি হয়েছে।