বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-এর সাম্প্রতিক বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেছেন, হুমকি বা ভয় দেখিয়ে জামায়াতকে দমিয়ে রাখা যাবে না।
শনিবার (২৫ এপ্রিল) দেওয়া এক বিবৃতিতে তিনি বলেন, জামায়াতকে রাজনৈতিকভাবে “নির্মূল” করার আহ্বান অগণতান্ত্রিক, অসাংবিধানিক ও অনভিপ্রেত। এ ধরনের বক্তব্য গণতন্ত্রের ভাষা নয় এবং এটি রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থী বলেও মন্তব্য করেন তিনি।
গোলাম পরওয়ার অভিযোগ করেন, এ ধরনের বক্তব্য দেশকে সহিংসতা ও অস্থিরতার দিকে ঠেলে দিতে পারে। তিনি বলেন, অতীতে দীর্ঘ সময় দমন-পীড়ন চালিয়েও জামায়াতকে নির্মূল করা সম্ভব হয়নি।
তিনি বিএনপি মহাসচিবকে এমন উসকানিমূলক বক্তব্য থেকে বিরত থাকার আহ্বান জানিয়ে বলেন, গণতান্ত্রিক পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ও শালীন ভাষা ব্যবহার জরুরি।