জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান। তিনি বলেন,
“শুনলাম, শাপলা না পেলে তারা ধানের শীষে ভোট দিতেও দেবে না! এই সাহস কোথা থেকে আসে? বিএনপির একটা ওয়ার্ডের কর্মী রাস্তায় নামলেই তোদের খুঁজে পাওয়া যেত না। এখন কিনা ধানের শীষ বাতিল করার কথা বলছ!”
শুক্রবার (১১ জুলাই) কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ে এক মতবিনিময় সভায় তিনি এসব মন্তব্য করেন।
স্থানীয় ভাষায় দেওয়া বক্তব্যে তিনি বলেন,
“আমি জামায়াত কিংবা স্বাধীনতাবিরোধীদের সমালোচনা করলেই খারাপ হয়ে যাই? দেশটাকে আফগানিস্তান বানাতে চায়—আমি সেটা চাই না। আমি বাংলাদেশ চাই, স্বাধীনতার বাংলাদেশ। মুক্তিযুদ্ধ না হলে বাংলাদেশই তো হতো না। এই দেশ আমার মা-বাবার মতো, আমরা এই দেশের সন্তান।”
তিনি আরও বলেন,
“আমরা যদি এই দেশটাকে বাংলাদেশ হিসেবে রাখতে চাই, তাহলে স্বাধীনতাবিরোধীরা এসে ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করবে, সেটা হতে পারে না। যদি বাংলাদেশ বাঁচাতে হয়, তাহলে আমাদেরই দাঁড়াতে হবে।”
জিয়াউর রহমানের উদ্ধৃতি টেনে ফজলুর রহমান বলেন,
“‘I, Major Ziaur Rahman, hereby declare the independence of Bangladesh’—এই ঘোষণার মাধ্যমেই তো আমাদের জাতি পথ খুঁজে পেয়েছে। এখন যারা বলে ‘নৌকা আর ধানের শীষ দুই সাপের এক বিষ’, তাদের উদ্দেশ্য পরিষ্কার—ধানের শীষকেও সরিয়ে দেওয়া।”
তিনি আক্রমণাত্মক ভঙ্গিতে বলেন, “তোমরা একদিকে শাপলা চাও, আবার হুমকি দাও ধানের শীষকে। এই ঔদ্ধত্য নিয়ে রাজনীতি করতে আসছো? যারা এত বড় কথা বলে, তারা মাঠে আসুক—তখন বোঝা যাবে।”
সভায় আরও উপস্থিত ছিলেন অষ্টগ্রাম উপজেলা বিএনপির সভাপতি সাইদ আহমেদ, মিঠামইন উপজেলার সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর, ইটনা উপজেলার সভাপতি এস এম কামাল হোসেন ও সাধারণ সম্পাদক সিদ্দিকুজ্জামান ঠাকুর স্বপন।