“৭১ ছিলো ভারত-পাকিস্তান যুদ্ধ। আর জুলাই আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা।” — এমন মন্তব্য করে ফের আলোচনায় এলেন প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসেন। বৃহস্পতিবার (১০ জুলাই) নিজের ফেসবুক স্ট্যাটাসে দেওয়া এই বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
স্ট্যাটাসে ইলিয়াস হোসেন বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ও সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতার মধ্যে এক প্রকার প্রাসঙ্গিক যোগসূত্র টানার চেষ্টা করেন। তার বক্তব্যের পরিপ্রেক্ষিতে অনেকেই একমত পোষণ করেছেন, কেউ কেউ আবার সমালোচনা করেছেন।
শাহিন নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে মন্তব্য আসে, “জুলাই আমাদের অস্তিত্ব। আমার স্বাধীনতা।”
অলি আহমেদ সুজন নামে অপর একজন লেখেন, “সহমত পোষণ করছি, এখন আমরা বলতে পারি আমাদের দেশ স্বাধীন দেশ, ইনকিলাব জিন্দাবাদ।”
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক ধারার সূচনা করে বলে দাবি অনেক পর্যবেক্ষকের। অনেকে একে ৭১-এর স্বাধীনতা যুদ্ধের পর সবচেয়ে তাৎপর্যপূর্ণ ‘জনতার বিজয়’ হিসেবে বিবেচনা করছেন।
ইলিয়াস হোসেনের স্ট্যাটাসটিও সেই প্রেক্ষাপটেই এসেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। দীর্ঘদিন ধরে প্রবাসে থাকলেও বাংলাদেশে রাজনৈতিক ইস্যুতে তাঁর সরব ভূমিকা এবং বিতর্কিত বক্তব্যের জন্য তিনি প্রায়ই আলোচনায় আসেন।
তবে এবার তার “জুলাই আমার অস্তিত্ব, আমার স্বাধীনতা” মন্তব্যকে ঘিরে সাধারণ মানুষের মধ্যেও নতুনভাবে ভাবনার উদ্রেক হয়েছে। বিশেষত তরুণ প্রজন্মের অনেকে এ বক্তব্যকে নিজের অনুভবের সঙ্গে মেলাতে পারছেন বলে জানিয়েছেন।