পিআর (প্রোপোরশনাল রিপ্রেজেন্টেশন) নির্বাচন পদ্ধতি নিয়ে বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের বক্তব্যকে “অশোভন ও স্ববিরোধী” আখ্যা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এক বিবৃতিতে বলেছেন, রাজনৈতিক মতভিন্নতা থাকতেই পারে, কিন্তু সেটা প্রকাশের ভাষা শালীন হওয়া উচিত।
শনিবার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে শেখ ফজলুল করীম মারুফ বলেন, “পিআর নিয়ে ভিন্নমত থাকা রাজনৈতিক সৌন্দর্যের অংশ। কিন্তু সালাহউদ্দিন আহমেদ যেভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশকে আক্রমণ করেছেন, তা রাজনৈতিক শিষ্টাচারের পরিপন্থি।”
তিনি বিএনপির ‘ফ্যাসিস্ট শাসন’ নিয়ে অভিযোগের প্রসঙ্গ টেনে বলেন, “বিএনপি ২০১৩-১৪ এবং ২০১৯ সালের স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের অধীনে অংশ নিয়ে বিজয়ীও হয়েছে। চট্টগ্রামের শাহাদাত হোসেন বা ঢাকার ইশরাক হোসেন সবাই সেই নির্বাচনেই লড়েছেন। এখন পিআর পদ্ধতি নিয়ে আমাদের সমালোচনা করা সম্পূর্ণ স্ববিরোধী।”
সালাহউদ্দিন আহমেদের অতীত নিয়েও কড়া সমালোচনা করেন ইসলামী আন্দোলনের এই নেতা। তিনি বলেন, “যখন বলা হতো তিনি গুম হয়েছেন, তখন তিনি ভারতে আরাম-আয়েশে ছিলেন। গুম ইস্যুতে কমিশনে মামলা করতেও টালবাহানা করেছেন। এই ধরনের কর্মকাণ্ড তার বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করে।”
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, “সালাহউদ্দিন আহমেদকে তার বক্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে। না হলে রাজনৈতিক সংস্কৃতি নষ্ট করার দায় তাকেই নিতে হবে। বিএনপিও সমালোচনার মুখে পড়বে।”
বিবৃতিতে ইসলামী আন্দোলন বাংলাদেশ যুক্তিপূর্ণ বিতর্ক ও শিষ্টাচারপূর্ণ ভাষার চর্চার আহ্বান জানিয়ে বলেছে, “যদি নতুন বাংলাদেশ গড়তে হয়, তবে পুরোনো অসভ্য রাজনৈতিক সংস্কৃতি ছেড়ে যুক্তির ভাষায় কথা বলতে শিখতে হবে।”