শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার কঠোর সমালোচনা করে এবং ভবিষ্যতে এমন ঘটনার পরিণতি ভালো হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
বুধবার (২ জুলাই) কুড়িগ্রামের ঘোষপাড়া ও রাজারহাটে জুলাই পদযাত্রার অংশ হিসেবে পথসভায় তিনি বলেন, পুলিশের দায়িত্ব জনগণের নিরাপত্তা দেওয়া—গায়ে হাত তোলা নয়। চট্টগ্রামের পটিয়ায় গণ-অভ্যুত্থানের কর্মীদের ওপর পুলিশের বর্বর হামলার নিন্দা জানিয়ে নাহিদ বলেন, এমন আচরণ গণরোষকে উসকে দেয়।
তিনি সাফ জানিয়ে দেন, ‘শিক্ষার্থীদের অন্যায়ভাবে আঘাত করলে তার পরিণতি ভালো হবে না।’ বৈষম্যবিরোধী লড়াইয়ের প্রসঙ্গ টেনে নাহিদ ইসলাম বলেন, এখনো আমরা বৈষম্যের বিরুদ্ধে লড়াই করছি, কিন্তু তা দূর করতে পারিনি। কুড়িগ্রামকে উল্লেখ করে বলেন, সীমান্তবর্তী এই জেলা অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে, যেখানে পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ নেই।
আঞ্চলিক বৈষম্য দূর করে কুড়িগ্রামের উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। এসময় কুড়িগ্রাম-২ আসনের জন্য ড. আতিক মোজাহিদকে মানুষের পাশে থাকার বার্তা দেন। ঘোষপাড়া ও রাজারহাটের পথসভাগুলোতে উপস্থিত জনতা উচ্ছ্বাস নিয়ে এনসিপি নেতাদের স্বাগত জানান। নাহিদ ইসলাম ছাড়াও সমাবেশে বক্তব্য দেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব হাসনাত আব্দুল্লাহ, সারজিস আলম, আব্দুল হান্নান মাসুদ, ডা. তাসনিম জারা, ড. আতিক মোজাহিদ ও জেলা আহ্বায়ক মুকুল মিয়া।
শাপলা চত্বরে কয়েক হাজার নেতা-কর্মীর জমায়েতে নাহিদ ইসলাম আরও একবার পুলিশের দমন-পীড়নের নিন্দা জানান এবং ৩ আগস্ট ঢাকায় শহীদ মিনার থেকে বাংলাদেশ পুনর্গঠনের ইশতেহার ঘোষণার ঘোষণা দেন। বিকেলে এনসিপির কেন্দ্রীয় নেতারা নাগেশ্বরী ও ফুলবাড়ীর পথসভা শেষ করে লালমনিরহাটের কর্মসূচিতে অংশ নেন, যেখানে নতুন বাংলাদেশের স্বপ্ন তুলে ধরা হয়।