পাকিস্তানে ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (র)-এর হয়ে কাজ করা ছয় সন্দেহভাজনকে গ্রেপ্তারের দাবি করেছে পাকিস্তানের কাউন্টার টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি)। সম্প্রতি ‘অপারেশন ইয়ালঘর’ নামে সমন্বিত এক অভিযানে পাঞ্জাব প্রদেশের বিভিন্ন জেলা থেকে তাদের আটক করা হয়।
পাকিস্তানের সংবাদমাধ্যম জিওটিভি নিউজের প্রতিবেদনে বলা হয়, সিটিডির এই অভিযান দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
লাহোরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পাঞ্জাবের অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল (এআইজি) অপারেশনস শেহজাদা সুলতান জানান, বাহাওয়ালনগরে আসলাম ও আকবর আলী নামের দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়, যারা বিস্ফোরক সংগ্রহে লিপ্ত ছিল।
সিটিডির কর্মকর্তাদের দাবি, এই নেটওয়ার্ক পাকিস্তানের গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল। গ্রেপ্তারকৃতরা বাহাওয়ালপুরের একটি মসজিদ ও রেলস্টেশনে হামলা চালানোর ছক আঁকছিল। তাদের কাছ থেকে বিস্ফোরক, ডেটোনেটর, আইইডি, সেফটি ফিউজ ও গোপন নকশা উদ্ধার করা হয়েছে।
অভিযানে আরও ধরা পড়েছে আজম ওরফে জাজি, মঞ্জুর ওরফে ক্বারী (দুইজনই বাহাওয়ালনগরের বাসিন্দা) এবং পাকপত্তনের আমজাদ। এছাড়া দুবাই থেকে অর্থায়নের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে জুলফিকারকে বাহাওয়ালপুর থেকে গ্রেপ্তার করা হয়েছে।
এআইজি সুলতান বলেন, পাকিস্তানকে অস্থিতিশীল করতে সন্ত্রাসী কর্মকাণ্ডের চেষ্টা ব্যর্থ করতে নিরাপত্তা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। দেশের নিরাপত্তার প্রশ্নে কোনো আপস হবে না বলেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
তুরস্ক, সৌদি ও পাকিস্তানসহ অন্যান্য দেশ নিয়ে ইসলামি সেনাবাহিনী গড়ার উদ্যোগ নিয়েছে ইরান। আপনি কি এই আর্মি গঠনের পক্ষে?