বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি শফিউদ্দিন আহম্মেদ সেন্টু বলেছেন, “দেশনায়ক তারেক রহমানের নির্দেশেই জুলাই-আগস্টে দেশের চলমান গণআন্দোলন পরিচালিত হয়েছে। এই সফল আন্দোলনের কৃতিত্ব কেউ কেউ ছিনিয়ে নিতে চাইছে।”
বৃহস্পতিবার (২২ মে) বিকেলে রাজবাড়ী জেলা বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় তিনি এসব কথা বলেন। ২৮ মে ঢাকায় তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ডাকা সমাবেশ সফল করতে এ সভার আয়োজন করে রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দল।
“আমরা বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলনে অংশ নিয়ে সফলতা অর্জন করেছি। এখন কিছু গোষ্ঠী দাবি করছে এই সফলতা তাদের। তারা বোঝাতে চাইছে, তারাই এই আন্দোলনের নায়ক—অথচ তাদের অবস্থান একটি শিশুর মতোই দুর্বল। আগামী ২৮ মে আমরা প্রমাণ করবো—এ দেশের তরুণ সমাজ বিএনপির সাথেই আছে।”
সভায় সভাপতিত্ব করেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল মালেক খান এবং সঞ্চালনায় ছিলেন সদস্যসচিব তুহিনুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রহিম হাওলাদার সেতু, সাংস্কৃতিক সম্পাদক মিজানুর রহমান সজীব।