দেশজুড়ে চলমান শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক আন্দোলনের পেছনে একটি “উভয় সংকট” কাজ করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। ডিবিসি নিউজের এক টক শোতে অংশ নিয়ে তিনি বলেন,
“যদি ছাত্রদের বাধা না দেওয়া হতো, তারা যমুনা ঘেরাও করত। তখন বলা হতো, যমুনা নিষিদ্ধ হয়েছে, সরকার ফেল করেছে। আবার বাধা দিলে বলা হয়, সরকার দমন করছে। এটি একটি জটিল পরিস্থিতি।”
আন্দোলনের উৎস ও গভীরতা নিয়ে আলোচনার সময় মঞ্জু উল্লেখ করেন, “প্রফেসর ইউনূসের সঙ্গে আমাদের প্রথম মিটিংয়ে আমরা একটি প্রস্তাব দিয়েছিলাম, যা রাজনৈতিকভাবে অনাকর্ষণীয় মনে হতে পারে। আমরা বলেছিলাম, অন্তত ৩-৬ মাসের জন্য জরুরি অবস্থা ঘোষণা করা উচিত ছিল, যাতে পরিস্থিতি স্বাভাবিক পথে ফিরিয়ে আনা যায়।”
তিনি আরও বলেন, “রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে ম্যাকিয়াভেলির একটি কথা রয়েছে—ভালোবাসা ও ভয়ের ভারসাম্য বজায় রেখে রাষ্ট্র পরিচালনা করতে হয়। শুধু ভালোবাসা দিয়ে শাসন করলে শৃঙ্খলা ভেঙে পড়ে, আবার কেবল ভয় দিয়েও শাসন করা যায় না, বিদ্রোহ তৈরি হয়।
শেখ হাসিনার সরকারের সময় আমরা এর উদাহরণ দেখেছি।”
মঞ্জুর মতে, “প্রফেসর ইউনূস শুধুমাত্র ভালোবাসার দিকটিকে গুরুত্ব দিয়েছেন। ফলে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। রাজনৈতিক ঐক্যের অভাব এবং সময়োপযোগী ব্যবস্থা না নেওয়ায় আজকের এই অস্থিরতা সৃষ্টি হয়েছে।”
তিনি মনে করেন, আন্দোলনের প্রকৃত সমাধানে শুধু প্রশাসনিক নয়, রাজনৈতিক ঐক্য ও দৃষ্টিভঙ্গিরও প্রয়োজন রয়েছে।