সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী মগলিবাড়ী সীমান্তে একটি ভারতীয় ড্রোন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে সীমান্ত পিলারের অভ্যন্তরে বাংলাদেশের একটি ভুট্টা ক্ষেতে ড্রোনটি আছড়ে পড়ার পর থেকেই ওই এলাকায় উত্তেজনা ও সাধারণ মানুষের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
স্থানীয় ও বিজিবি সূত্র জানায়, মঙ্গলবার দুপুর ১২টা ৩০ মিনিটের দিকে তিস্তা ব্যাটালিয়ন-২ (৬১ বিজিবি) এর অধীনস্থ বুড়িমারী বিওপির মগলিবাড়ী সীমান্তের মেইন পিলার ৮৪১/৮এস এলাকা দিয়ে ভারতীয় বিএসএফের ৯৮/হিমালয় ক্যাম্পের একটি টহল দল ড্রোন উড়িয়ে ভিডিও করছিল।
এ সময় ড্রোনটি সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০ গজ অভ্যন্তরে চলে আসে। জমিতে কাজ করা এক কৃষকের মাথার ওপর দিয়ে যাওয়ার সময় যান্ত্রিক ত্রুটির কবলে পড়ে ড্রোনটি সরাসরি একটি ভুট্টা ক্ষেতে আছড়ে পড়ে।
ড্রোনটি বাংলাদেশের অভ্যন্তরে পড়ে যাওয়ার পর থেকেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সেটি উদ্ধারে সীমান্তে টহল অস্বাভাবিকভাবে জোরদার করেছে। বিএসএফের এই তৎপরতায় সীমান্তবর্তী বাংলাদেশি বাসিন্দাদের মধ্যে চরম উৎকণ্ঠা ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।
“হঠাৎ করে ড্রোনটি আমাদের মাথার ওপর দিয়ে এসে ভুট্টা ক্ষেতে পড়ে যায়। এরপর থেকেই ওপারে বিএসএফের আনাগোনা বেড়ে যাওয়ায় আমরা ভয়ে আছি।” স্থানীয় এক প্রত্যক্ষদর্শী কৃষক
বিজিবি সূত্র নিশ্চিত করেছে যে, ড্রোনটি বর্তমানে বিজিবি’র হেফাজতে রয়েছে। সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক অবস্থানে রয়েছে। ড্রোনটি ফেরত দেওয়া বা পরবর্তী করণীয় নির্ধারণে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে পতাকা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।