আব্দুল্লাহ আল মামুন ,টাঙ্গাইলঃ
টাঙ্গাইলের ভূঞাপুরে ডাকাতির প্রস্তুতিকালে চারজন ডাকাতকে বিপুল পরিমাণ সরঞ্জামসহ গ্রেফতার করেছে থানা পুলিশ।
সোমবার (৪ মে) রাতে উপজেলার ঘাটান্দি নতুনপাড়া এলাকায় নজরুল ইসলামের বাড়ি থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন— গোপালপুর উপজেলার ভোলারপাড়া গ্রামের আহসান আলী আকন্দের ছেলে রবিউল, ভূঞাপুর উপজেলার কুকাদাইর গ্রামের গোলাম হোসেনের ছেলে মনির ওরফে ‘ন্যাংড়া মনির’, কালিহাতি উপজেলার শামশৈল গ্রামের শামছুল হকের ছেলে শাহ আলম এবং একই গ্রামের আব্দুল আজিজের ছেলে মাসুদ।
এলাকাবাসীর সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত দলের সক্রিয় সদস্য হিসেবে পরিচিত।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাব্বির রহমান জানান, রাত আনুমানিক ১০টা ৩০ মিনিটে ঘাটান্দি নতুনপাড়া এলাকার একটি বাড়ির নিচতলায় ডাকাতির উদ্দেশ্যে সমবেত হয়ে পরিকল্পনা ও প্রস্তুতি নিচ্ছিল তারা।
এমন সংবাদের ভিত্তিতে এসআই মো. নজরুল ইসলাম ও এসআই রুবেল মিয়ার নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে চারজনকে আটক করে। এ সময় তাদের সহযোগী আরও কয়েকজন ডাকাত পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা ও চুরির একাধিক মামলা রয়েছে।
অভিযানস্থল থেকে ডাকাতির কাজে ব্যবহৃত লোহার গ্রিল কাটার, কাটিং প্লাস, লোহার শিকল, কাঁচি, সুইচ গিয়ার চাকু ও চাপাতি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে এবং তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হবে।