মাহিনুর ইসলাম মাহিন, বড়লেখা(মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ এক পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত আরও ৫ জন আসামিকেও আটক করা হয়।
সোমবার (০৪ মে) উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে বড়লেখা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, জিআর-৮১/২৪ (বড়) মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি মো. ইসলাম উদ্দিন (৩৩)-কে ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার বাঘাটিকর গ্রামের আব্দুস শহিদের ছেলে।
এ ঘটনায় বড়লেখা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এছাড়াও অভিযানে বিভিন্ন মামলার আরও ৫ জন পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—
সিআর মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত ইরেশ চক্রবর্তী, জিআর মামলার আসামি আতিকুল ইসলাম, সিআর মামলার আসামি হারই মিয়া, জিআর মামলার আসামি লুলু মিয়া এবং সিআর মামলার আসামি আব্দুল মালিক।
বিষয়টি নিশ্চিত করে বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুজ্জামান খান জানান, পুলিশের বিশেষ অভিযানে মোট ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মঙ্গলবার সকালে আদালতে পাঠানো হয়েছে।