শ্রমিকদের অধিকার নিশ্চিত না হলে দেশের টেকসই উন্নয়ন অর্জন সম্ভব নয়—এমন মন্তব্য করেছেন অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার,সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শুক্রবার (১ মে) সকালে কুমিল্লা নগরীরর টাউন হল মাঠে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সমাবেশের আয়োজন করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন।
তিনি বলেন, দেশের উন্নয়ন মূলত শ্রমিকদের ঘাম ও পরিশ্রমের ওপর নির্ভরশীল। অথচ বাস্তবে তারা এখনো ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। তাই শ্রমিকদের অধিকার নিশ্চিত করা ছাড়া টেকসই উন্নয়ন সম্ভব নয়।
গোলাম পরওয়ার শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান। পাশাপাশি শ্রমিকদের মধ্যে ঐক্য বজায় রাখার ওপরও গুরুত্বারোপ করেন।
সমাবেশে সভাপতিত্ব করেন কুমিল্লা মহানগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মো. রফিকুল ইসলাম।
এতে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ, সংগঠনের সহ-সভাপতি মাস্টার ছফি উল্লাহ, সেক্রেটারি অ্যাডভোকেট জিল্লুর রহমান, সহ-সেক্রেটারি মাইন উদ্দিন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।