রাজধানীর নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশ বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হয়েছে। শুক্রবার (১ মে) দুপুর আড়াইটার দিকে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির সূচনা হয়।
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আয়োজিত এই সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই ঢাকাসহ আশপাশের বিভিন্ন জেলা থেকে দলে দলে নেতাকর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন। জুমার নামাজের পর মিছিল নিয়ে বিপুল সংখ্যক নেতাকর্মীর আগমনে পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।
সমাবেশে অংশ নিতে আসা অনেক নেতাকর্মী লাল ক্যাপ, টি-শার্ট, ব্যানার ও বাদ্যযন্ত্র সঙ্গে এনেছেন। স্লোগান, করতালি ও উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে নয়াপল্টনের আশপাশের পরিবেশ।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও শ্রমিক নেতা নজরুল ইসলাম খান জানান, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও সমাবেশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই শ্রমিক সমাবেশে স্মরণকালের সর্বোচ্চ জনসমাগম ঘটবে। এছাড়া প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলেও তিনি উল্লেখ করেন।
জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সমাবেশে সভাপতিত্ব করবেন সংগঠনটির সভাপতি আনোয়ার হোসেইন। তিনি বলেন, ঢাকার পার্শ্ববর্তী জেলাগুলোর বিভিন্ন শিল্প-কারখানা থেকেও শ্রমিকরা এই সমাবেশে অংশ নিতে রাজধানীতে আসছেন।