মাসুম হোসেন , (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
নাটোরের সিংড়ায় বোরো ধান কাটার সময় বজ্রপাতে সম্রাট (২৬) নামের এক ধান কাটার শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) বিকেলে উপজেলার ডাহিয়া ইউনিয়নের ঠেঙ্গাপাকুড়িয়া গ্রামের একটি ফসলি মাঠে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিক সম্রাট সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা নগরডালা গ্রামের সাজা ফকিরের ছেলে। তিনি সম্প্রতি ১৫-২০ জনের একটি শ্রমিক দলের সঙ্গে সিংড়া এলাকায় মৌসুমি শ্রমিক হিসেবে ধান কাটতে এসেছিলেন।
স্থানীয় বাসিন্দা ও শ্রমিকদের সূত্রে জানা গেছে, সম্রাট ডায়া ইউনিয়নের ঠেঙ্গাপাকুড়িয়া গ্রামের কৃষক আব্দুল আউয়ালের জমিতে অন্য শ্রমিকদের সঙ্গে ধান কাটার কাজ করছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে পড়লে শ্রমিকরা কাজ বন্ধ করে মাঠের পাশের একটি ঘরে আশ্রয় নেন। বিকেল আনুমানিক সাড়ে ৫টার দিকে আকস্মিক বজ্রপাত হলে সম্রাট গুরুতর আহত হন।
আহত অবস্থায় সহকর্মী ও স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। পরে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়।