মোঃ তাজুল ইসলাম, সুবর্ণচর প্রতিনিধি;
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় বালুবাহী অবৈধ ড্রাম ট্রাক চাপায় সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরো ৩ যাত্রী।
শনিবার (২৫ এপ্রিল ) রাত আনুমানিক ১২টা পনোরো মিনিটের সময় উপজেলার ২নং চরবাটার তোতার বাজারের দক্ষিণে হাজী নজীর আহম্মদ জামে মসজিদ সংলগ্ন ‘মৌলভী পাড়া’ এলাকায় চেয়ারম্যানঘাট -সোনাপুর আঞ্চলিক সড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে স্থানীয়রা নোয়াখালী ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে পাঠিয়েছে বলে জানাযায়।
পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে একটি সিএনজি সোনাপুর থেকে কয়েকজন যাত্রী নিয়ে চেয়ারম্যান ঘাটের উদ্দেশ্যে রওনা হয়।
এরপর যাত্রাপথেই উপজেলার চরবাটা ইউনিয়নের ‘মৌলভী পাড়া’ এলাকায় চেয়ারম্যানঘাট-সোনাপুর আঞ্চলিক সড়কে যাত্রীবাহী সিএনজি ঘটনাস্থলে পৌঁছালে ভূঞারহাট থেকে বিপরীত মুখি একটি বালু বহনকারী ১০ চাকার ড্রাম ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ওই সিএনজিকে চাপা দেয়। এতে সিএনজির যাত্রী মোহাম্মদ জহির (৪৬), পিতা লাল মিয়া,সাং- চর ডাক্তার, ওয়ার্ড নং-০৬, ইউনিয়ন – চর আলেকজান্ডার, উপজেলা- রামগতি, জেলা- লক্ষীপুরের এই যাত্রী ঘটনাস্থলে মারা যায়। এছাড়াও সিএনজির অজ্ঞাত ৩ ব্যাক্তি ঘটনাস্থলেই মারাত্মক আহত হয়।
স্থানীয় একাধিক সূত্র দাবি করেন, নোয়াখালী সড়ক ও জনপথ বিভাগের গাইড ওয়াল নির্মাণ কাজের সামগ্রী বালু ও কিছু পিলার সড়কের পূর্ব পাশে স্তুুপ করে রাখায় সড়কের একপাশ যানবাহন চলাচলে বাধা সৃষ্টি হয়। যার কারণে বেপরোয়া ড্রাম ট্রাককে সাইড দিতে গিয়ে সিএনজি বালুর স্তুুপে আটকে পড়ে যায়। স্থানীয়রা দীর্ঘ দিন স্থানটিতে সড়ক বাতি স্থাপনে প্রশাসনকে বার বার অনুরোধ করলেও কোন পদক্ষেপ গ্রহণ করেনি প্রশাসন। প্রতি বছর এ স্থানে ছোট বড় মিলিয়ে ২০টি দুর্ঘটনার তথ্য পাওয়া গেছে। যার বিতরে নিহত ৫,আহত-১৫টি ঘটনা রয়েছে।
এ ঘটনায় গুরুতর আহত তিনজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। উপস্থিত দুর্ঘটনায় আহত অপর ব্যক্তিদের পরিচয় এখনো পাওয়া যায়নি।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, ট্রাকচাপায় সিএনজির এক যাত্রী নিহত হয়েছেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর ট্রাকচালক গাড়ি ফেলে পালিয়ে যাওয়ায় তাকে তাৎক্ষণিক আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
ট্রাকটি জব্দ করা হয়েছে এবং চালককে শনাক্ত করে আইনি ব্যবস্থা নিতে কাজ চলছে বলে নিশ্চিত করেন গণমাধ্যমকে।