মুন্সিগঞ্জ প্রতিনিধি:
মুন্সিগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলায় কবর থেকে লাশ চুরির আশঙ্কায় এক অসহায় পিতার নিজ সন্তানের কবর পাহারা দেওয়ার ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ঘটনাস্থল পরিদর্শনে ছুটে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার।
স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি বজ্রপাতে উপজেলার এক কিশোরের মৃত্যু হলে তাকে কামারখারা ইউনিয়নের একটি সামাজিক কবরস্থানে দাফন করা হয়। দাফনের পর থেকেই কবর থেকে লাশ চুরির গুঞ্জন শুনে আতঙ্কিত হয়ে পড়েন নিহতের পরিবার।
বিশেষ করে শঙ্কায় পড়েন ওই কিশোরের পিতা। সন্তানের মরদেহের নিরাপত্তা নিশ্চিত করতে তিনি দিন-রাত কবরের পাশেই অবস্থান নিয়ে পাহারা দিতে শুরু করেন।
ঘটনাটি এলাকায় আলোড়ন সৃষ্টি করলে তা প্রশাসনের নজরে আসে। পরে ইউএনও তাহমিনা আক্তার ঘটনাস্থলে গিয়ে নিহতের পরিবারের সঙ্গে কথা বলেন এবং সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এ সময় তিনি শোকাহত পিতাকে আশ্বস্ত করে বলেন, কবরের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। তাৎক্ষণিকভাবে দুইজন গ্রাম পুলিশকে কবরস্থানে পাহারার দায়িত্ব দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে কবরস্থানটি সিসি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে বলেও তিনি জানান।
পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন কামারখারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান লুৎফর রহমান খুকু, টঙ্গীবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. জাহিদ হাসানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ ঘটনায় এলাকায় একদিকে যেমন উদ্বেগ বিরাজ করছে, অন্যদিকে প্রশাসনের দ্রুত পদক্ষেপে কিছুটা স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে।