কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মো. ফজলুর রহমান-কে নিয়ে অশালীন ও মানহানিকর মন্তব্য করার অভিযোগে কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য মুফতি মো. আমির হামজা-কে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) কুষ্টিয়া জজ কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মো. নুরুল ইসলাম, বাংলাদেশ ছাত্রশক্তি কুষ্টিয়া জেলা শাখার সদস্য সচিব মো. আই-ইয়াশ ইমনের পক্ষে এই নোটিশ প্রেরণ করেন। নোটিশে অভিযোগ করা হয়, সম্প্রতি এক জনসম্মুখে দেওয়া বক্তব্যে আমির হামজা বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানকে ‘ফজু পাগল’ বলে সম্বোধন করেন এবং তাকে পাবনা মানসিক হাসপাতালে পাঠানোর কথা বলেন। এমনকি তাকে হুমকিসূচক ভাষায় অপমানজনক মন্তব্যও করেন বলে দাবি করা হয়েছে।
নোটিশে বলা হয়, এ ধরনের বক্তব্য একজন বীর মুক্তিযোদ্ধা ও জনপ্রতিনিধির সামাজিক ও ব্যক্তিগত মর্যাদাকে ক্ষুণ্ন করেছে এবং তাকে জনসমক্ষে হেয় করার অপচেষ্টা চালানো হয়েছে। এ ঘটনায় আগামী ১০ দিনের মধ্যে সন্তোষজনক জবাব দিতে বলা হয়েছে আমির হামজাকে। অন্যথায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও উল্লেখ করা হয়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে আমির হামজা বলেন, তিনি এ বিষয়ে অবগত নন এবং তার কাছে এমন নোটিশ আসা নতুন কিছু নয়। তিনি বিষয়টি আইনজীবীদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেবেন বলে জানান।