জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ আইনজীবী মোহাম্মদ শিশির মনির বলেছেন, একটি রাজনৈতিক দল নিজের পায়ে নিজের কুড়াল মারার চেষ্টা করছে। মঙ্গলবার জুলাই জাতীয় সনদ (সংবিধান সংস্কার) বাস্তবায়ন আদেশ, সংবিধান সংস্কার পরিষদের সদস্যদের শপথসংক্রান্ত চিঠি এবং গণভোট অধ্যাদেশের ৩ ধারা নিয়ে জারি করা রুলের পর তিনি এ মন্তব্য করেন।
শিশির মনির বলেন, যদি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না থাকে এবং ৩০ দফা ঐকমত্যের ভিত্তিতে প্রস্তাবিত সংস্কার কার্যকর না হয়, তাহলে গণভোটের প্রশ্নও অবৈধ হয়ে পড়বে। এতে নির্বাচন, সরকার ও সাংবিধানিক বৈধতা—সবকিছুই প্রশ্নের মুখে পড়তে পারে। এ দায় সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তিকেই নিতে হবে বলে মন্তব্য করেন তিনি।
তিনি আরও অভিযোগ করেন, জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ বিষয়কে আদালতের সাবজেক্ট ম্যাটার বানিয়ে সংসদকে পাশ কাটানোর কৌশল অতীতে ভালো ফল দেয়নি। রাজনৈতিকভাবে নিষ্পত্তিযোগ্য বিষয়গুলো আদালতে নেওয়ার প্রবণতা দীর্ঘমেয়াদে অস্থিতিশীলতা তৈরি করতে পারে বলেও সতর্ক করেন তিনি।
তবে তিনি উল্লেখ করেন, রুল জারি হলেও কোনো স্থগিতাদেশ না থাকায় সংসদের কার্যক্রমে তাৎক্ষণিক বাধা সৃষ্টি হবে না।