জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কঠোর ভাষায় অভিযোগ করেছেন, বিএনপির ভেতরে আওয়ামী প্রভাবের প্রতিনিধি হয়ে উঠেছেন রুমিন ফারহানা। তার মতে, আওয়ামী লীগ পণ্য যাদেরকে মনে হয়, তাদের মধ্যে অন্যতম হচ্ছেন রুমিন ফারহানা।
রোববার (২৪ আগস্ট) নির্বাচন কমিশনের শুনানিতে এনসিপি নেতা আতাউল্লাহসহ বেশ কয়েকজন নেতাকর্মীকে মারধরের ঘটনায় আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন,
“রুমিন ফারহানা সবসময় বলেন, বিগত ১৫ বছর নাকি তিনি অনেক ভালো ছিলেন। অবশ্যই ভালো থাকবেন। কারণ তিনি আওয়ামী লীগের যত ধরনের সুবিধা রয়েছে, সব সুবিধাই নিয়েছেন।”
তিনি নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেন। হাসনাত আবদুল্লাহ বলেন,
“আজকের নির্বাচন কমিশনের যে ভূমিকা আমরা দেখেছি, তা সবসময়ই প্রশ্নবিদ্ধ। আমরা স্পষ্ট দেখেছি—পুলিশ আমাদের নেতাকর্মীদের কমিশনে ঢুকতে বাধা দিয়েছে। অথচ বিএনপির নেতাকর্মীদেরকে দিয়েছে ফ্রি এক্সিট। এই নির্বাচন কমিশন কার্যত কিছু পার্টির পার্টি অফিসে পরিণত হয়েছে।”
এ সময় তিনি আরও বলেন, এনসিপির নেতা-কর্মীদের ওপর হামলার সময় পুলিশ নীরব দর্শকের ভূমিকায় ছিল। এর মাধ্যমে প্রমাণিত হয়েছে, প্রশাসন ও নির্বাচন কমিশন আসলে নিরপেক্ষ নয়, বরং ক্ষমতাসীন ও তাদের স্বার্থসংশ্লিষ্ট রাজনৈতিক শক্তির পক্ষে কাজ করছে।