খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি আশঙ্কা প্রকাশ করে বলেছেন, এ ঘটনার পরিণাম ভালো হবে না।
মঙ্গলবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তিনি লিখেছেন, “KUET-এ আজকে যা হয়েছে তার ফলাফল কখনোই ভালো হবে না।” তিনি আরও যোগ করেন, “ছাত্রলীগের বৈশিষ্ট্য আর শেষ পরিণতি থেকে শিক্ষা নিতে না পারলে দিনশেষে অবস্থা ছাত্রলীগের মতোই হবে।”
এই ঘটনার প্রতিক্রিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও একটি পোস্ট দেওয়া হয়, যেখানে লেখা হয়, “ছাত্রদলের সন্ত্রাস, রুখে দাঁড়াও ছাত্রসমাজ।”
মঙ্গলবার কুয়েটে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে, যাতে বেশ কয়েকজন আহত হন বলে জানা গেছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহল থেকে প্রতিক্রিয়া আসছে এবং পরিস্থিতির উন্নতির জন্য সমাধানের দাবি উঠছে।