ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগরের একাংশ) আসনের স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার রুমিন ফারহানা ভোটকেন্দ্র দখল ও সিল মারার পরিকল্পনার অভিযোগ তুলেছেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে সরাইল উপজেলার শাহবাজপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান শেষে সাংবাদিকদের কাছে তিনি এসব অভিযোগ করেন।
রুমিন ফারহানা জানান, নোয়াগাঁও ইউনিয়নে তার দুই কর্মীকে বিনা কারণে রাতে পুলিশ আটক করেছে। তিনি দাবি করেন, আশুগঞ্জ উপজেলার অন্তত আটটি কেন্দ্র ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এ বিষয়ে পুলিশ, সেনাবাহিনী ও রিটার্নিং কর্মকর্তাকে অবহিত করা হয়েছে বলেও জানান তিনি।
তিনি আরও বলেন, জোটের প্রার্থী দুপুরের দিকে সিল মারার পরিকল্পনা করছেন—এমন তথ্য তাদের কাছে রয়েছে।
তবে নির্বাচনে নিজের জয়ের ব্যাপারে তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “আমি শতভাগ আশাবাদী, ইনশাআল্লাহ।” ভোট দেওয়ার পর তিনি বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন।
জেলায় ছয়টি সংসদীয় আসনে মোট ৪৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ব্রাহ্মণবাড়িয়ায় মোট ভোটার সংখ্যা ২৬ লাখ ৮ হাজার ৮৭ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লাখ ৬৬ হাজার ৩৭৩ জন, নারী ভোটার ১২ লাখ ৪১ হাজার ৬৯৮ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৬ জন।