ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের প্রথম দিনেই আচরণবিধি ভঙ্গের অভিযোগে যশোর-৫ (মনিরামপুর) আসনের জামায়াত ও এক স্বতন্ত্র প্রার্থীকে মোট ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী গাজী এনামুল হক এবং কলস প্রতীকের প্রার্থী শহীদ ইকবাল হোসেনের পক্ষে পৃথক গণমিছিল বের করা হয়।
বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলা বিএনপির বহিষ্কৃত সভাপতি ও স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেনের সমর্থনে পৌরশহরে একটি বড় গণমিছিল অনুষ্ঠিত হয়। এতে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন। মিছিলের কারণে যশোর–সাতক্ষীরা মহাসড়কের পৌরশহর অংশে তীব্র যানজট সৃষ্টি হয়।
এর কিছুক্ষণ পর জামায়াতে ইসলামী বাংলাদেশের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট গাজী এনামুল হকের পক্ষে দাঁড়িপাল্লা প্রতীকের আরেকটি গণমিছিল বের হয়। এ মিছিলেও বিপুলসংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন, ফলে মহাসড়কে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে।
আচরণবিধি লঙ্ঘনের দায়ে মনিরামপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে স্বতন্ত্র প্রার্থীর পক্ষ থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করেন।
অন্যদিকে একই অভিযোগে যশোর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জামায়াত প্রার্থীর প্রতিনিধি আহসান হাবীব লিটনের কাছ থেকে ৮০ হাজার টাকা জরিমানা আদায় করেন।
মনিরামপুরের এসিল্যান্ড ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন জানান, নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের কারণে পৃথক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দুই প্রার্থীর বিরুদ্ধে এই জরিমানা আরোপ করা হয়েছে।