সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে কেন্দ্রটির সবগুলো ইউনিট থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
রোববার (১৮ জানুয়ারি) বেলা আনুমানিক ১১টার দিকে কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন প্রথম ইউনিটে পুনরায় যান্ত্রিক সমস্যা দেখা দিলে বিদ্যুৎ উৎপাদন বন্ধ করা হয়।
এর ফলে কেন্দ্রটির তিনটি ইউনিটই অচল হয়ে পড়ে। এর আগে গত ২০ অক্টোবর ২০২৫ (সোমবার ) সকাল সাড়ে ৭টা থেকে কেন্দ্রটির উৎপাদন সম্পূর্ণ বন্ধ ছিল। প্রায় সাত দিন পর ২৬ অক্টোবর উৎপাদন কার্যক্রম আবার শুরু হয়।
কেন্দ্র সূত্রে জানা গেছে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে মোট তিনটি ইউনিট রয়েছে। এর মধ্যে ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে ২০২৪ সালের ১ নভেম্বর থেকে বন্ধ রয়েছে।
এছাড়া ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন দ্বিতীয় ইউনিটটি ২০২০ সালের নভেম্বর মাস থেকেই অচল। সর্বশেষ গত বছরের ৩০ ডিসেম্বর প্রথম ইউনিট বন্ধ হয়ে যায়, যা প্রায় ১৫ দিন পর ১৪ জানুয়ারি পুনরায় চালু হয়েছিল।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বক্কর সিদ্দিক জানান, প্রথম ইউনিটের বয়লারের একটি টিউব সম্পূর্ণভাবে ফেটে যাওয়ায় উৎপাদন বন্ধ করতে হয়েছে। বয়লারের তাপমাত্রা প্রায় এক হাজার ডিগ্রি সেলসিয়াস থাকায় এটি ঠান্ডা হওয়ার পর মেরামত কাজ শুরু করা হবে।
তবে বিদ্যুৎকেন্দ্রটি কবে আবার উৎপাদনে ফিরবে, তা এই মুহূর্তে নিশ্চিত করে বলা যাচ্ছে না। উৎপাদনে ফিরতে এবার তুলনামূলক দীর্ঘ সময় লাগতে পারে বলেও তিনি আশঙ্কা প্রকাশ করেন।