জিয়াউর রহমান,পিরোজপুর প্রতিনিধি:
পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে মা ইলিশ রক্ষায় বিশেষ অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ নৌবাহিনী। শনিবার (১৮ অক্টোবর) দুপুরে যুদ্ধজাহাজ বানৌজা কুশিয়ারা এ অভিযানে অংশ নেয়। অভিযানের নেতৃত্ব দেন জাহাজটির কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এস. এম. জায়েদুল ইসলাম।
অভিযান চলাকালে সন্ধ্যা ও কচা নদীর মোহনা এলাকা থেকে প্রায় ৩০ হাজার মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১০ লাখ ৫০ হাজার টাকা। পরে এসব জাল আমড়াঝুড়ি এলাকার নদীর তীরে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার এস. এম. জায়েদুল ইসলাম জানান, মা ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সরকার ঘোষিত ২২ দিনব্যাপী (৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর ২০২৫ পর্যন্ত) নিষেধাজ্ঞা বাস্তবায়নে নৌবাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও বলেন, দেশের বিভিন্ন নদ-নদী ও উপকূলীয় এলাকায় চলমান অভিযানে এখন পর্যন্ত ৩২ লাখ ৯৯ হাজার মিটার অবৈধ জাল জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ৬০ কোটি ৩৪ লাখ টাকা।
মা ইলিশ সংরক্ষণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে নৌবাহিনীর বানৌজা কুশিয়ারা যুদ্ধজাহাজ বরগুনা, পিরোজপুরসহ আশপাশের জেলাগুলোতে নিয়মিত অভিযান পরিচালনা করছে। অভিযান চলবে ২৫ অক্টোবর পর্যন্ত।