বরিশাল জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট লস্কর নুরুল হকসহ পাঁচজন আওয়ামী লীগ ও যুবলীগ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয।
গ্রেপ্তারকৃতরা হলেন, মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক অ্যাডভোকেট লস্কর নুরুল হক, মহানগর আওয়ামী লীগ নেতা মনসুর আলী খান, মিরাজ শিকদার, যুবলীগ নেতা মাসুম খান ও আউয়াল খান।
কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মিজানুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে বিএনপি কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগসহ একাধিক মামলায় অভিযোগ রয়েছে। এসব মামলার তদন্তের অংশ হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
গতকাল দুপুরে আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরন করা হয়েছে। বরিশাল মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক লস্কর নুরুল হক বরিশাল সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আবুল খায়ের আব্দুল্লাহ ও সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীমের আস্থাভাজন হিসেবে পরিচিত ছিলেন। এছাড়া তিনি বরিশাল সিটি করপোরেশন নির্বাচনে আবুল খায়ের আব্দুল্লাহকে মেয়র পদে বিজয়ী করতে নির্বাচন পরিচালনা উপদেষ্টা কমিটির অন্যতম সদস্য ছিলেন।