সোহেল রানা,সিংগাইর
মানিকগঞ্জের সিংগাইর উপজেলার ভূমদক্ষিণে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ১৫ বছরের নিচের শিশুদের নিয়ে ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।
বুধবার বিকাল ৪টায় ভূমদক্ষিণ স্কুল এন্ড কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ নেয় ভূমদক্ষিণ ফুটবল একাদশ বনাম আঠালিয়া টাইগার্স। টানটান উত্তেজনার ম্যাচে আঠালিয়া টাইগার্সকে ৩-০ ব্যবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে ভূমদক্ষিণ ফুটবল একাদশ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূমদক্ষিণ বাজার বণিক সমিতির সভাপতি ও সাবেক সদস্য সিংগাইর উপজেলা বিএনপি জনাব মোঃ ইদ্রিস আলী।সভাপতিত্ব করেন ভূমদক্ষিণ স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মোঃ আবু বকর সিদ্দিক।
আর খেলার উদ্বোধন করেন দ্যা ভিলেজ হাট সুপার মার্কেটের স্বত্বাধিকারী আব্দুল মালেক প্রামানিক।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধল্লা ইউনিয়ন পরিষদের ৫ নং ওয়ার্ড সদস্য শেখ আনসার আলী,ধল্লা ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, আরশাদ আলী, আবুল কাসেম মোল্লা, আবুল হোসেন, রেজাউর রহমান হিরুসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
খেলা শেষে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “শিশুরা খেলাধুলার মাধ্যমে যেমন শারীরিক ও মানসিকভাবে সুস্থ থাকে, তেমনি মাদক ও অনৈতিক কার্যকলাপ থেকে দূরে থাকে। নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজন করলে তরুণ প্রজন্ম সুস্থভাবে বেড়ে উঠবে এবং সমাজে ইতিবাচক ভূমিকা রাখবে।”
অনুষ্ঠান শেষে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ।