সিলেটের নতুন জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম বলেছেন, “আগে আমাকে যেভাবে দেখেছেন, আমি তেমনই আছি, তেমনই থাকব।”
বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে যোগদানের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
গত সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে সিলেটের ডিসি হিসেবে নিয়োগ দেওয়া হয়। এর আগে তিনি প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপসচিব (সংযুক্ত) এবং উপদেষ্টা আসিফ নজরুলের একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। সাবেক জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ আজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পাথরখেকোদের বিরুদ্ধে অভিযানের প্রসঙ্গে সারওয়ার আলম বলেন, “কয়েকটি বিষয় আমার বিশেষ অগ্রাধিকারে থাকবে—আইনশৃঙ্খলা, পরিবেশ, পর্যটন, শিক্ষা ও স্বাস্থ্য। সিলেট হচ্ছে প্রকৃতিকন্যা। প্রকৃতিকন্যা যেন প্রকৃতির মতোই থাকে, আমরা সবাই মিলে সে চেষ্টা করব।”
তিনি আরও বলেন, “এখানে অবশ্যই উন্নয়ন হবে, তবে সেটা হতে হবে টেকসই উন্নয়ন। সিলেট যেহেতু পর্যটন এলাকা এবং প্রচুর পর্যটক আসেন, কোনোভাবেই যেন প্রাকৃতিক সম্পদ বিনষ্ট না হয়, সেটা খেয়াল রাখা জরুরি।”
নতুন জেলা প্রশাসক জানান, সিলেটের প্রাকৃতিক সম্পদ রক্ষায় সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বিকেলে সাদাপাথর পর্যটনকেন্দ্র পরিদর্শন করবেন বলে জানিয়েছেন।
প্রসঙ্গত, ২০২৪ সালের ৫ আগস্ট সরকারের পতনের পর থেকে সিলেটের সংরক্ষিত এলাকা, পর্যটনকেন্দ্র ও পাথর কোয়ারি থেকে ব্যাপক বালু ও পাথর লুট শুরু হয়।
সম্প্রতি সাদাপাথর পর্যটনকেন্দ্রে গণলুটের ঘটনা দেশ–বিদেশে সমালোচিত হয়েছে। ওই ঘটনার পর সাবেক ডিসি মোহাম্মদ শের মাহবুব মুরাদকে ওএসডি করা হয়।