ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান বলেন, একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ছাড়া সবাই নিজের স্বার্থে রাজনীতি করেছে।
রোববার (১৫ জুন) রাতে রাজধানীর উত্তরায় রেলগেট কাঁচাবাজার হাসান মাহমুদ কমপ্লেক্স বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ও খাবার বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এ দেশের মানুষের জন্য কাজ করে গেছেন, এই দেশকে স্বাধীন করেছেন আর খালেদা জিয়া এই দেশের গণতন্ত্র পূর্ণ উদ্ধারের জন্য লড়াই করেছেন—এ কথা জানিয়ে তিনি বলেন, তাদের সন্তান তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি গণঅভ্যুত্থান হয়েছে।
তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বার্থের রাজনীতি করেননি। তিনি স্বৈরাচার শেখ হাসিনার মত পারিবারিক রাজনীতি করেননি। বিভিন্ন পদে স্বজনদের বসাননি। তিনি সেই ব্যক্তি যিনি তিন বছর শাসন আমলে পরিবারের কাউকে রাজনীতিতে পদ পদবি দেননি। তার এ তিন বছর শুধু সাধারণ জনগণের জন্য রাজনীতি করেছেন।
তিনি আরও বলেন, এদেশে যারা ক্ষমতায় ছিল সবাই তাদের নিজেদের স্বার্থে নিজেদের বিষয় নিয়ে চিন্তা করতেন। একমাত্র শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও খালেদা জিয়া নিজেদের স্বার্থে রাজনীতি করেননি।
এ সময় মোস্তফা জামান নেতাকর্মীদের বিএনপির প্রতিষ্ঠাতা ও দলের ইতিহাস সম্পর্কে জানার কথা বলেন।
তিনি বলেন, দু-একজনের জন্য বিএনপির দুর্নাম হচ্ছে। যারা চাঁদাবাজি, সন্ত্রাস ও স্বৈরাচার আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। গত ১৭ বছর আমরা তো কোনো আত্মীয়-স্বজনের কাছে ঠাঁই পাইনি। যারা আত্মীয় আত্মীয় করবে এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার চেষ্টা করবেন তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে। আর চাঁদাবাজদের বিএনপিতে কোনো ঠাঁই নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দক্ষিণখান থানা বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক হেলাল তালুকদার, দক্ষিণখান থানা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এবিএমএ রাজ্জাক, মুহাম্মদ আফাজ উদ্দিন, মহানগর উত্তর এর সদস্য রফিকুল ইসলাম খান, আহসান হাবীব মোল্লা, সাবেক সদস্য আলাউদ্দিন সরকার টিপু, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তর এর সাংগঠনিক সম্পাদক মো. খোকন।