সজিব রেজা, দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় নির্মমভাবে এক শিশুকে হত্যার ঘটনায় মূল অভিযুক্ত আমানুর ইসলামকে গ্রেফতারের পর কারাগারে পাঠানো হয়েছে।
রবিববার (১ মার্চ) দুপুরে দিনাজপুর পুলিশ সুপারের কার্যালয়-এ আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন।
পুলিশ জানায়, শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) ইফতারের পর নবাবগঞ্জ উপজেলার কুশদহ ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে নিজ বাড়ি থেকে শিশু সামসকে তার চাচাতো ভাই আমানুর কৌশলে ডেকে নিয়ে যায়। পরে তাকে পাশের একটি মাদ্রাসায় নিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যার পর পাশের ভুট্টাক্ষেতে নিয়ে গিয়ে গলা, হাত ও পায়ের রগ কেটে মৃত্যু নিশ্চিত করা হয়।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমানুর ইসলাম হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার দাবি, পারিবারিক কলহ এবং চাচার সম্পত্তির লোভ ধরেই সে এ নৃশংস ঘটনা ঘটায়।
ঘটনার রাতে বাড়ির অদূরে একটি মাদ্রাসার পাশের ভুট্টাক্ষেতে শিশুটিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে ফুলবাড়ী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শিশুটির বাবা মমিনুল ইসলাম নবাবগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরদিন তদন্তের স্বার্থে পরিবারের সদস্য ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হলে আমানুরের আচরণে অসঙ্গতি লক্ষ্য করে পুলিশ। একপর্যায়ে তাকে আটক করা হয় এবং জিজ্ঞাসাবাদে হত্যার বিষয়টি প্রকাশ পায়।
পুলিশ জানায়, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে অভিযুক্তকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়েছে।