সোহেল রানা, সিঙ্গাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি:
মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলায় কৃষিজমির উর্বর টপসয়েল (উপরিভাগের মাটি) অবৈধভাবে কাটার অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার বলধারা ইউনিয়নের চর মগড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন খান। এসময় অভিযুক্ত মাটি ব্যবসায়ী মোঃ জিয়াকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন-২০১০ অনুযায়ী ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে দুইটি পৃথক স্থানে চলমান মাটিকাটা কার্যক্রম তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। এছাড়া মাটি কাটার কাজে ব্যবহৃত দুইটি এক্সকাভেটর (খননযন্ত্র) অকার্যকর করে দেওয়া হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবেল উদ্দিন খান জানান, কৃষিজমির উর্বর টপসয়েল কেটে নেওয়া হলে জমির উৎপাদন ক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। জনস্বার্থে এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।