সাব্বির হোসেন, লালমনিরহাট প্রতিনিধি
লালমনিরহাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৪ সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন মডেলের ৩টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় গত ৬ ও ৭ ফেব্রুয়ারি জেলার বিভিন্ন এলাকায় সাঁড়াশি অভিযান চালানো হয়। অভিযানের শুরুতেই হাতীবান্ধা উপজেলার দোয়ানী পুলিশ ক্যাম্পের চেকপোস্ট এলাকা থেকে মো. তুহিন ইসলাম (৩০) ও মো. সাদেকুল ইসলাম শাওনকে (৩৬) গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে একটি রেজিস্ট্রেশনবিহীন ১৫০ সিসি পালসার মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান আরও জোরদার করা হয়। চোর চক্রের সদস্য মো. শিমুল মিয়াকে (২৮) তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় এবং সেখান থেকে একটি ১৩৫ সিসি ডিসকভার মোটরসাইকেল উদ্ধার করা হয়।
চন্দ্রপুর ইউনিয়নের লতাবর গ্রাম থেকে মো. হাবিবুর রহমানকে (২৭) গ্রেফতার করা হয়। তার বসতবাড়ি থেকে একটি নম্বর প্লেটবিহীন হোন্ডা শাইন ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করে ডিবি টিম।
গ্রেফতারকৃতদের পরিচয় ১. মো. তুহিন ইসলাম (৩০), পিতা: মো. খাদেদুল ইসলাম, সাং- দোহাজারী, তারাগঞ্জ, রংপুর। ২. মো. সাদেকুল ইসলাম শাওন (৩৬), পিতা: মো. শাহাদত হোসেন, সাং- বুড়িমারী, পাটগ্রাম, লালমনিরহাট। ৩. মো. শিমুল মিয়া (২৮), পিতা: মো. শামছুল হক, সাং- ইশ্বরকোল, কালীগঞ্জ, লালমনিরহাট। ৪. মো. হাবিবুর রহমান (২৭), পিতা: মো. জাহাঙ্গীর আলম, সাং- লতাবর, কালীগঞ্জ, লালমনিরহাট।
জেলা ডিবি পুলিশ সূত্রে জানানো হয়েছে, গ্রেফতারকৃত ব্যক্তিরা দীর্ঘদিন ধরে আন্তঃজেলা মোটরসাইকেল চুরি ও কেনাবেচার সাথে জড়িত। এই চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে ডিবি পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। বর্তমানে আসামিদের বিরুদ্ধে হাতীবান্ধা থানায় মামলা ও পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।