ফরিদপুর-২ (সালথা–নগরকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও দলটির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, তিনি সংখ্যালঘু শব্দে বিশ্বাস করেন না—হিন্দু ও মুসলিম সবাই মিলেমিশে বসবাস করবে, এটাই তার রাজনীতি ও বিএনপির আদর্শ। শনিবার (২৪ জানুয়ারি) বিকেলে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের পুটিয়া বাজারে এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, গত বছরের দুর্গাপূজায় এলাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিএনপির নেতাকর্মীরা দিন-রাত পূজামণ্ডপ পাহারা দিয়েছেন। তিনি দৃঢ়ভাবে বলেন, “আমি জীবিত থাকলে সব ধর্মের মানুষ নিরাপদে থাকবে এবং সমান সুযোগ-সুবিধা পাবে—এটাই গণতন্ত্র।”
তিনি আরও বলেন, বিএনপির কেউ যদি চাঁদাবাজি, ধান্দাবাজি বা টেন্ডারবাজিতে জড়িত হয়, তাকে সরাসরি পুলিশে ধরিয়ে দিতে অনুরোধ জানাবেন। সালথার মাটিতে দুর্নীতি ও মাদকের কোনো জায়গা হবে না বলেও ঘোষণা দেন তিনি।
নিজের বাবার অবদানের কথা তুলে ধরে শামা ওবায়েদ বলেন, প্রয়াত কে এম ওবায়দুর রহমান আজীবন মসজিদ-মাদরাসা ও আলেম সমাজের পাশে ছিলেন। বিএনপি সরকার গঠন করলে মসজিদের ইমাম ও মাদরাসার দায়িত্বশীলদের সরকারি ভাতা দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি। পাশাপাশি শিশুদের খেলাধুলার জন্য একটি সুন্দর মাঠ তৈরির আশ্বাস দেন।
উঠান বৈঠকে বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।