জুলাই গণঅভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষায় ব্যর্থতার অভিযোগ তুলে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক। একই সঙ্গে তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে নিজের ফেসবুক পোস্টে এনসিপি থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন মীর আরশাদুল হক। উল্লেখযোগ্যভাবে, এদিনই দীর্ঘ ১৭ বছর পর লন্ডন থেকে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
এনসিপিতে দায়িত্ব পালনকালে মীর আরশাদুল হক কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিবের পাশাপাশি নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীর দায়িত্বে ছিলেন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম–১৬ (বাঁশখালী) আসনে এনসিপির মনোনয়নও পেয়েছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সাবেক সহসভাপতি।
‘একটি বিশেষ ঘোষণা’ শিরোনামে দেওয়া ফেসবুক পোস্টে মীর আরশাদুল হক বলেন, এনসিপি যাত্রা শুরু করেছিল জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের প্রতিশ্রুতি নিয়ে। তবে প্রতিষ্ঠার পর গত ১০ মাসে দলের অভিজ্ঞতায় তিনি বুঝেছেন, সেই প্রতিশ্রুতি রক্ষায় দল ও নেতৃত্ব পুরোপুরি ব্যর্থ হয়েছে। যে স্বপ্ন ও সম্ভাবনা দেখে তিনি এনসিপিতে যুক্ত হয়েছিলেন, তা আর অবশিষ্ট নেই বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জুলাই অভ্যুত্থানে বিপুল আত্মত্যাগের পরও দেশে ন্যায়ভিত্তিক ও শান্তিপূর্ণ পরিস্থিতি প্রতিষ্ঠিত হয়নি। পাশাপাশি ধর্ম ও পপুলিজম ব্যবহার করে সমাজে বিভাজন তৈরির প্রবণতা উদ্বেগজনকভাবে বেড়েছে।
বর্তমান রাজনৈতিক বাস্তবতায় দেশের স্থিতিশীলতা ও গণতান্ত্রিক উত্তরণের জন্য তারেক রহমানের নেতৃত্বই সবচেয়ে কার্যকর বিকল্প বলে মনে করেন মীর আরশাদুল হক। তার ভাষ্য অনুযায়ী, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ ও কর্মসংস্থানসহ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত খাতগুলোতে তারেক রহমান একটি সুস্পষ্ট ও বাস্তবভিত্তিক ভিশন তুলে ধরছেন, যা তাকে আকৃষ্ট করেছে।
সবশেষে তিনি তরুণদের পপুলিজম ও হুজুগে না ভেসে দেশের ভবিষ্যৎ বিবেচনায় তারেক রহমানের জনকল্যাণমূলক রাজনৈতিক দর্শন বাস্তবায়নে সহযোগিতার আহ্বান জানান।