বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার জন্য এখনো ‘ট্রাভেল পাস’ আবেদন করেননি বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। মঙ্গলবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন—তারেক রহমান চাইলে যেকোনো সময় ট্রাভেল পাস ইস্যু করা হবে।
তৌহিদ হোসেন জানান, “তারেক রহমান ট্রাভেল পাস চাইলে আগামীকালই দেওয়া সম্ভব। আমার জানা মতে তিনি এখনো আবেদন করেননি। উনি চাইলেই ইস্যু হবে।”
তারেক রহমানের পাসপোর্ট আছে কি না—এমন প্রশ্নে তিনি বলেন, “উনার পাসপোর্ট আছে কি না, তা নিশ্চিতভাবে বলতে পারছি না।”
পররাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, লন্ডনে অবস্থানরত তারেক রহমানের দেশে ফেরা নিয়ে মন্ত্রণালয়ের কাছে কোনো সুনির্দিষ্ট তথ্য নেই। “উনি যদি দেশে ফিরতে চান, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো বাধা থাকবে না। পাসপোর্ট নবায়ন বা অনুপস্থিত থাকলেও এক দিনের মধ্যেই ওয়ান-টাইম ট্রাভেল পাস দেওয়া সম্ভব,” মন্তব্য করেন তিনি।
তিনি স্মরণ করিয়ে দেন, এর আগেও ৩০ নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে তিনি বলেছিলেন—“উনি আজ যদি বলেন আসবেন, আমরা কাল পাস দিতে পারি; পরশুদিনই উনি প্লেনে উঠতে পারবেন।”
অন্যদিকে, খালেদা জিয়াকে বিদেশে নেওয়ার বিষয়ে সরকার প্রস্তুত আছে জানিয়ে তিনি বলেন, “এ বিষয়ে সিদ্ধান্ত হবে চিকিৎসকদের মতামত এবং পরিবারের অবস্থান অনুযায়ী। খালেদা জিয়া গুরুতর অসুস্থ, তাই বিদেশে নেওয়ার প্রক্রিয়া সম্পর্কে সরকার সহযোগিতামূলক অবস্থানে রয়েছে।”
চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে তারেক রহমানের দেশে ফেরা নিয়ে জল্পনা বাড়লেও পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে—আইনগত বা প্রশাসনিক কোনো বাধা নেই। এখন সিদ্ধান্ত সম্পূর্ণভাবে নির্ভর করছে তারেক রহমান, তার পরিবার এবং দলের ওপর।
এদিকে বিএনপি নেতারা বারবার দাবি করে আসছেন—তারেক রহমান খালেদা জিয়ার শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেবেন। তবে সরকারের পক্ষ থেকে বারবার পুনর্ব্যক্ত করা হচ্ছে—“চাইলেই উনি ফিরতে পারবেন।”