মো:আতেফ ভূঁইয়া গাজীপুর সদর প্রতিনিধি:
গাজীপুরে সোমবার (১ ডিসেম্বর) ভোর থেকে সকাল ১০টার মধ্যে তিনটি পৃথক স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লেগেছে টঙ্গীর মাঝুখান এলাকায়,
মহানগরীর কোনাবাড়ি থানার আমবাগ পূর্বপাড়া এলাকায় এবং কালিয়াকৈর পৌরসভার চান্দরা পল্লীবিদ্যুৎ দিঘির পাড় এলাকায়। এসব ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কোন হতাহতের খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে টঙ্গীর মাঝুখান এলাকায় একটি তুলার গুদামে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন পাশের আরও দুটি গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও তিনটি গুদামের সব মালামাল পুড়ে যায়।
সকাল ৯টার দিকে কোনাবাড়ি আমবাগ পূর্বপাড়ায় পলাশ মিয়ার ঝুটের গোডাউনে আগুন লাগে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের প্রায় সোয়া এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে পুরো গোডাউনটির মালামালই আগুনে ভস্মীভূত হয়।
এদিকে সকাল সাড়ে ৯টার দিকে কালিয়াকৈর চান্দরা পল্লীবিদ্যুৎ দিঘির পাড় এলাকার একটি টিনশেড কলোনিতে আগুন লাগে। আগুনে ৮০টি কক্ষ সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে যায়।
কলোনিটির বেশিরভাগ বাসিন্দা গার্মেন্টস ও বিভিন্ন কারখানার শ্রমিক। তারা কর্মস্থলে থাকায় কেউই মালামাল উদ্ধার করতে পারেনি। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট দেড় ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন জানান, তিনটি স্থানের আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতি ও আগুনের উৎস তদন্তের পর জানা যাবে।