জুলাই গণঅভ্যুত্থানকালে ভারগো গার্মেন্টসের ‘এক্সিকিউটিভ মেকানিক্যাল ইঞ্জিনিয়ার’ মো. সোহান শাহ হত্যা মামলায় বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীনকে অব্যাহতি দিয়েছেন আদালত। ঘটনাটির সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা পাওয়া যায়নি বলে অন্তর্বর্তী তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামসেদ আলম র্যাব–৩-এর দাখিল করা অন্তর্বর্তী প্রতিবেদন গ্রহণ করে তাকে মামলা থেকে অব্যাহতি দেন। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপি প্রসিকিউশন বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান।
গত ২৪ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা র্যাব–৩-এর উপপরিদর্শক মো. মোস্তাফিজুর রহমান ফৌজদারি কার্যবিধির ১৭৩(ক) ধারা অনুযায়ী আদালতে প্রতিবেদন দাখিল করেন। সেখানে তিনি জানান, ঘটনার সঙ্গে শেখ বশিরউদ্দীনের জড়িত থাকার কোনো প্রমাণ পাওয়া যায়নি; তাই তাকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হচ্ছে।
মামলার নথি থেকে জানা যায়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের সময় ১৯ জুলাই রাতে রামপুরার সিএনজি স্টেশনের সামনে গুলিতে আহত হন ভারগো গার্মেন্টস কোম্পানির কর্মকর্তা সোহান শাহ। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ২৮ আগস্ট মারা যান। এই হত্যাকে কেন্দ্র করে তার মা সুফিয়া বেগম ওই বছরের ১৯ সেপ্টেম্বর ঢাকার সিএমএম আদালতে মামলা করেন। মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মোট ৫৭ জনকে আসামি করা হয়। সেখানে শেখ বশিরউদ্দীন ছিলেন এজাহারের ৪৯ নম্বর আসামি।
তবে তদন্তে তার বিরুদ্ধে কোনো সরাসরি সম্পৃক্ততা বা প্রমাণ না পাওয়ায় তাকে মামলা থেকে অব্যাহতি দেওয়া হলো। এখন মামলার অন্যান্য আসামিদের বিরুদ্ধে তদন্ত ও বিচারিক প্রক্রিয়া চলমান থাকবে বলে জানা গেছে।