নাজমুল হক চৌধুরী, নরসিংদী
নরসিংদীতে অবৈধভাবে পুরোনো ব্যাটারি থেকে সিসা তৈরির একটি কারখানায় আগুন লেগে সাত শ্রমিক দগ্ধ হয়েছেন। রোববার (১২ অক্টোবর) সকাল ১০টার দিকে সদর উপজেলার পাঁচদোনা এলাকার একটি কারখানায় এ ঘটনা ঘটে।
এরমধ্যে গুরুতর দগ্ধ তিনজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। দুপুরে সাংবাদিকদের বিষয়টি টি নিশ্চিত করেছেন নরসিংদী সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হক।
গুরুতর আহত শ্রমিকেরা হলেন, দক্ষিণ শীলমান্দি এলাকার কাদির মিয়ার ছেলে মোজাম্মেল হোসেন (১৯), সাদ্দাম মিয়ার ছেলে হোসেন আলী (২৪) এবং সাদ্দাম হোসেনের ছেলে তাইজুল ইসলাম (২৫)। এ ছাড়া আরও চার শ্রমিক আহত হয়েছেন।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন যাবত চীনা একটি প্রতিষ্ঠান পাঁচদোনা এলাকায় নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে পুরোনো ব্যাটারি থেকে সিসা তৈরির কারখানা পরিচালনা করে আসছিল । আজ রোববার সকালে কাজ করার সময় হঠাৎ কারখানাটিতে আগুন লাগে। এ সময় সাতজন শ্রমিক অগ্নিদগ্ধ হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা আহত শ্রমিকদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত চিকিৎসক চারজনকে প্রাথমিক চিকিৎসা দেয়। আশঙ্কাজনক অবস্থায় তিনজনকে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
নরসিংদী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ফরিদা গুলশানারা কবির জানান, সকালে পাঁচদোনা থেকে সাত জন অগ্নিদগ্ধ রোগীকে হাসপাতালে নিয়ে আসেন স্বজনেরা। এরমধ্যে দুজনের শরীরের ৬০ ভাগ এবং ১ জনের ৫০ ভাগ দগ্ধ হয়েছে। তাঁদের প্রাথমিক চিকিৎসা সেবা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়েছে। বাকি চারজনকে সাধারণ চিকিৎসা সেবা দেওয়া হয়েছে।