প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই সেখানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকালে একদল নেতাকর্মী বন্ধ কার্যালয়ের তালা খুলে জাতীয় পতাকা উত্তোলন করেন। বিএনপি নেতৃত্বাধীন নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর এই প্রথম জেলা কার্যালয়ে কার্যক্রম শুরুর ঘোষণা দেন আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা। ভোরে প্রায় ১০-১২ জন নেতাকর্মী কার্যালয়ের সামনে জড়ো হয়ে ‘জয় বাংলা’ স্লোগান দিতে দিতে ভেতরে প্রবেশ করেন। পরে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়।
এ সময় উপস্থিত এক বক্তা বলেন, ‘শেখ হাসিনা ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহিরের নির্দেশে আজ আমরা কার্যালয় খুলেছি। এর মাধ্যমে দলীয় কার্যক্রম পুনরায় শুরু করা হলো।’
তবে দুপুরের দিকে হঠাৎ করেই কার্যালয়ের ভেতরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কয়েকজন যুবক এসে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় এবং ঘটনাস্থলের ভিডিও ধারণ করে দ্রুত চলে যায়। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করেন এবং পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
কে বা কারা অগ্নিসংযোগ করেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু জানায়নি। তবে আগুন দেওয়ার একটি ভিডিও তার কাছে পৌঁছেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।