নেত্রকোনা প্রতিনিধি :
বিএনপি’র চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ সরকারের “প্রধানমন্ত্রী” নির্বাচিত হওয়ায় নেত্রকোনায় মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে শোকরানা দোয়া ও খাবার বিতরণ করা হয়েছে। বুধবার দুপুরে জেলা ছাত্রদলের আয়োজনে সদর উপজেলার বেতাটি মদিনাতুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসায় এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এছাড়াও নেত্রকোনা-১ (কলমাকান্দা ও দুর্গাপুর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামালকে ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়ায় দলের চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেতৃবৃন্দ। এসময় নেতাকর্মীরা তাদের প্রিয় নেতা ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার কায়সার কামালের সফলতা কামনা করেন।
বিশেষ এ মোনাজাতে উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরী, সাধারণ সম্পাদক শামছুল হুদা শামিম, জেলা সেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট খালিদ সাইফুল্লাহ মুন্নাসহ নেতাকর্মীরা।
এসময় ছাত্রদলের নেতারা বলেন, নেত্রকোনাবাসীর পক্ষ থেকে বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা। তিনি নেত্রকোনার গণমানুষের নেতা ব্যারিস্টার কায়সার কামালের প্রতি আস্থা রেখে ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব অর্পণ করেছেন।
তারা আরও বলেন, ব্যারিস্টার কায়সার কামাল ভূমি প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় এলাকার মানুষের মাঝে আনন্দের জোয়ার বইছে। তিনি দায়িত্ব পালনের মাধ্যমে এলাকার উন্নয়ন এবং জনগণের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।